মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
ওসি হাফিজুর রহমান জানান, সকালে মিরপুরের দারুসসালাম ও শাহ আলী থানা এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হন। পরে তাঁরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
তিনি আরও জানান, বর্তমানে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচেও পোশাকশ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।
তিনি বলেন, পুলিশের অতিরিক্ত উপস্থিতি ও বাধার কারণে শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে পারেননি। পরে পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন এবং একপর্যায়ে এলাকা ছেড়ে চলে যান।