ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বর এলাকায় তাঁদের বিক্ষোভ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগিয়ে যান। সেখানে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।
এ সময় শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। তবে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন গলিতে চলে যান।
এরপর যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গলিতে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এ সময় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের থামাতে মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় শ্রমিকদের লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল।
তিনি আরও বলেন, শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের সড়ক থেকে সরিয়ে নিতে পুলিশ সদস্যরা আলোচনা করেন। পাশাপাশি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।