গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি সাঁজোয়া যান এপিসি নিয়ে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন।
বিজিবি জানায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত থাকবেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।