শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজি ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৮


১৫ জুলাই ২০২৬, বিকাল ৪:৫২
চট্টগ্রামে চাঁদাবাজি ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে চাঁদা দাবির জেরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের আটক করে।

বুধবার নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য এবং অন্য জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।

গত সোমবার নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। অভিযোগ অনুযায়ী, তারা প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থ লুট করে। হামলার সময় অফিসের কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়।

এ ঘটনায় ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।