ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়ায় নিউ এইজ গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এ সময় শ্রমিকদের একাংশ সড়ক অবরোধ করে একটি বাস ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড এবং নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকেরা আন্দোলনে অংশ নেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একাংশ বাসটির কাচ ভাঙচুর করেন। আশপাশের আল-মুসলিম গার্মেন্টস ও জেনারেশন সোয়েটার কারখানায়ও তাঁরা হাঙ্গামার চেষ্টা করেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেডসহ বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের পর আশুলিয়া শিল্পাঞ্চলের ২৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও তিনটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে।
সব মিলিয়ে বর্তমানে ওই শিল্পাঞ্চলের ৫০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।