সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা চলছে, সীমান্তে পাহারার আহ্বান রাশেদ খাঁনের

>> ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি লিটন আহমেদ ও সম্পাদক ওয়াহিদ মিয়া

আপনি পড়ছেন : বিশ্ব

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের


Sifat Islam Sohag ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৪



গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের


গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। ওই বাড়িতে তাঁর দুই ছোট ভাই পরিবারসহ বসবাস করেন।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এ প্রতিষ্ঠান দারিদ্র্য বিমোচনে বিশ্বজুড়ে পরিচিত। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে বহু নারী আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করতে পেরেছেন।

বিবৃতিতে ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতাদের হাতে ব্যাংকের ৯০ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি ১০ শতাংশ সরকারের মালিকানায়। তাঁর মতে, এ প্রতিষ্ঠানে হামলার ফলে বিপুলসংখ্যক নারী ও তাঁদের পরিবারের নিরাপত্তা এবং আর্থিক জীবনে প্রভাব পড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ড. ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে তিনি এসব ঘটনার পেছনে ওপরের পর্যায়ের নির্দেশনা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এসব ঘটনার কারণে গ্রামীণ এলাকার বহু নারী আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবার পরিচালনা, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে তাঁদের কাছে ব্যাংকটির কার্যক্রম গুরুত্বপূর্ণ।

গ্রামীণ ব্যাংকের বাইরেও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি পুলিশ স্টেশনে হামলার কথাও তুলে ধরেন।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচলিত কিছু বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তাঁর ব্যক্তিগত মালিকানাধীন নয় এবং বর্তমানে এর পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত নন। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমে তাঁর কোনো ভূমিকা নেই বলে জানান তিনি। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি কখনো ছিলেন না বলে বিবৃতিতে উল্লেখ করেন।

ব্যাংকের ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও জানান ড. ইউনূস। হামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

একই সঙ্গে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরিতে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

ড. ইউনূসের মতে, গ্রামীণ ব্যাংকে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দারিদ্র্য বিমোচন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার ওপরও এর প্রভাব রয়েছে। দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটির সুরক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।