দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান, সাময়িক বরখাস্ত ও বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপের পরও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মোহাম্মদ জমির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে একসময় সাময়িক বরখাস্ত ও বদলির মুখে পড়লেও পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে যশোর সার্কেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট সার্কেলের অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন তিনি।
সর্বশেষ গত ২৭ অক্টোবর বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে সেবা প্রদানসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার ইকুরিয়া জেলা সার্কেলে কর্মরত থাকাকালে জমির হোসেনের বিরুদ্ধে দালালদের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসে। ওই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গাবতলী বিআরটিসি বাস ডিপোতে অবস্থিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় নগদ অর্থসহ কয়েকজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তী সময়ে তদন্তে জমির হোসেনের সঙ্গে দালাল চক্রের যোগাযোগ ও লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগীয় নথিতে ব্যবস্থা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৪ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং একই দিনে বরিশাল বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।
তবে পরবর্তী সময়ে তাঁর পদোন্নতি নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা চলমান থাকা অবস্থায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি যশোর সার্কেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পান।
বর্তমানে যশোরের পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট সার্কেলের দায়িত্ব পালন করছেন জমির হোসেন। অভিযোগ রয়েছে, এসব কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান, যানবাহনের ফিটনেস সনদ ও রুট পারমিট নবায়নসহ বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে একটি চক্র জড়িত।
এদিকে গত ২৭ অক্টোবর বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে অভিযানে উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশনায় অভিযান চালানো হয়েছে। কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
অভিযোগ ও পদোন্নতির বিষয়ে বক্তব্য জানতে জমির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, জমির হোসেনের বিরুদ্ধে থাকা অভিযোগ ও নথিপত্র বিবেচনায় নিয়ে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাঁর পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সার্কেলে পদায়ন নিয়ে প্রশাসনের ভেতরেও প্রশ্ন রয়েছে।
দুদকের অভিযান এবং অতীতের বিভাগীয় পদক্ষেপের পরও নতুন করে অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে সেবাগ্রহীতা ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।