কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় গুরুতর আহত তানিয়া সুলতানাও মারা গেছেন। স্বামী ও সন্তানের মৃত্যুর খবর জানার আগেই তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তানিয়া সুলতানার বয়স ২২ বছর। তিনি রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী। গত শুক্রবার বিকেলে উপজেলার কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হলে তানিয়াসহ পরিবারের সদস্যরা হতাহত হন।
ওই দুর্ঘটনায় তানিয়ার স্বামী সাজ্জাদ হোসেন (২৮), তাঁদের দুই বছর বয়সী মেয়ে মাশরুফা হোসাইন, সাজ্জাদের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে সাহিল নিহত হন। সোমবার তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আহত কাসফিয়ার দেড় বছর বয়সী মেয়ে আয়াত মনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর তানিয়া ও আয়াত মনিকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তানিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
তানিয়ার বড় বোন রিমা আক্তার জানান, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তানিয়া হাত-পা নাড়াতে পারলেও কথা বলতে পারতেন না। অনেকটা অচেতন অবস্থায় থাকায় স্বামী ও সন্তানের মৃত্যুর খবর তাঁকে জানানো সম্ভব হয়নি।
তানিয়ার মা আজিজ খানম মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েন। তিনি জানান, স্বামী-সন্তানের মৃত্যুর খবর না জেনেই তিন দিন পর মেয়েটিও চলে গেলেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় তানিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁর মস্তিষ্কের সামনের অংশে ক্ষত ও রক্তক্ষরণ হয়েছিল।
স্বামী-সন্তানের পাশেই দাফন
দুর্ঘটনায় নিহত তানিয়ার স্বামী, সন্তানসহ পরিবারের চার সদস্যকে শুক্রবার রাতেই রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তানিয়াকেও তাঁদের পাশেই দাফন করা হবে।
তানিয়ার শ্বশুর নুরুল ইসলাম বলেন, একটি ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচজনকে হারিয়েছেন তাঁরা। আগে চারজনকে দাফন করা হয়েছে, এবার পুত্রবধূকেও একই স্থানে দাফন করা হবে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত ছিল। সেখানে কোনো গেট বা গেটম্যান ছিল না। ব্যারিয়ার স্থাপনের জন্য রেল বিভাগকে জানানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।