ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা খুব একটা এগোচ্ছে না। এর মধ্যেই ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৃহত্তর চুক্তির প্রস্তাব সামনে এনেছে রাশিয়া। এতে উদ্বেগ তৈরি হয়েছে, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামো নিজেদের শর্তে নতুন করে সাজানোর চেষ্টা করছে মস্কো।
আবুধাবিতে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছিল ইউক্রেন। তবে কিয়েভের এই উদ্যোগের পর আলোচনায় নতুন প্রশ্ন সামনে এসেছে—শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করবেন কে এবং মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা কেমন হবে?
চলতি সপ্তাহে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আবুধাবি থেকে মস্কোয় যান। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তাঁরা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
আবুধাবির আলোচনায় বড় ধরনের বন্দিবিনিময়ের বিষয়ে নীতিগত সমঝোতা হলেও যুদ্ধবিরতি কিংবা ভূখণ্ড নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং আলোচনার পর ইউরোপের অংশগ্রহণ এবং মহাদেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর ইউরোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত হওয়ার আগে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনা করা উচিত নয়।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। যুদ্ধ শেষ হওয়ার পর এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
জেলেনস্কির মতে, ইউক্রেন ইতোমধ্যে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দেশটি শেষ পর্যন্ত ন্যাটোর সদস্য হবে কি না, তার ওপরও মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামোর ধরন নির্ভর করবে।
তিনি জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন।
শুক্রবার ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনার বিষয়ে সতর্ক করেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল। তাঁর আশঙ্কা, এ ধরনের আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধের মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে।
মিখাল বলেন, শান্তি প্রতিষ্ঠার আগে ইউরোপের নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনা এক ধরনের মানসিক ফাঁদ। তাঁর অভিযোগ, পুতিন ইউরোপীয় দেশগুলোকে নিজেদের মধ্যে আলোচনা নিয়ে ব্যস্ত রাখছেন, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—যুদ্ধের অবসান—আড়ালে থেকে যাচ্ছে।
ইউক্রেনকে ইউরোপের সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে শীতের আগে ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় রুশ হামলা বাড়তে থাকায় এ চাপ জরুরি বলে মন্তব্য করেন এস্তোনীয় প্রধানমন্ত্রী।
এই পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে, ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনাকে কাজে লাগিয়ে ইউক্রেন ইস্যুতে নিজেদের দীর্ঘদিনের দাবিগুলো আবার সামনে আনতে পারে মস্কো। পাশাপাশি চীনে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের আগে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করতে পারে রাশিয়া।
১২ নভেম্বর মস্কোয় পুতিনের সঙ্গে মার্কিন দূতদের বৈঠকের পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, উইটকফ ও কুশনার ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে পুতিনের বার্তাগুলো পৌঁছে দেবেন বলে আশা করছে রাশিয়া।
তিনি আরও জানান, চীনে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে।
১১ নভেম্বর আবুধাবির আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বৃহৎ শক্তিগুলোর মধ্যে নতুন সমঝোতার সম্ভাবনার কথা বলেন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনুষ্ঠিত ইয়াল্টা ও পটসডাম সম্মেলনের প্রসঙ্গ টানেন তিনি। ওই সম্মেলনগুলোতে বিজয়ী শক্তিগুলো ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিল।
মেদিনস্কি বলেন, ইউরোপে একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কাজ এখন জরুরি, যা নতুন ও আধুনিক ইয়াল্টা এবং পটসডাম সম্মেলনের রূপ নিতে পারে।
তাঁর দাবি, আলোচনার মাধ্যমে ন্যায্য নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে ইউরোপে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী পর্যন্ত শান্তি বজায় রাখা সম্ভব। তবে এ ব্যবস্থায় রাশিয়ার দাবিগুলো পূরণ করতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে আলোচনা শুরুর আগে ভূখণ্ড নিয়ে বিরোধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা—এই দুটি বিষয়ই আলোচনার প্রধান এজেন্ডা ছিল।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, বিতর্কিত ভূখণ্ড নিয়ে ইউক্রেন ও রাশিয়া ব্যক্তিগত আলোচনায় কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। এতে আলোচনার অন্যতম জটিল বিষয়ে অগ্রগতির ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, যুদ্ধ শেষে ইউক্রেনের মানচিত্রের চেহারা কিছুটা বদলে যেতে পারে। তবে কী ধরনের ভূখণ্ডগত পরিবর্তনের কথা তিনি বলেছেন, তা স্পষ্ট করেননি।
আলোচনার আগে জেলেনস্কি জানিয়েছিলেন, সংঘাত কমাতে কিছু পদক্ষেপের প্রস্তাব দেবে কিয়েভ। পাশাপাশি ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে।
তবে আবুধাবির আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক মেদিনস্কির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যুদ্ধ বন্ধের বিষয়ে মস্কোর অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি।
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে ভূখণ্ড বিনিময়ের সম্ভাবনা নাকচ করেন তিনি। তাঁর বক্তব্য, রাশিয়া নিজেদের শর্তে শান্তিচুক্তি নিশ্চিত না করা পর্যন্ত সন্তুষ্ট হবে না।
মেদিনস্কি বলেন, রাশিয়া কেবল তখনই সন্তুষ্ট হবে, যখন তারা জয়ী হবে এবং নিজেদের শর্তে শান্তিচুক্তি স্বাক্ষর করতে পারবে। দখল করা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সম্ভাবনাও নাকচ করেন তিনি। তাঁর দাবি, যেসব এলাকায় রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে, সেখান থেকে তা নামানো যাবে না।
মস্কো যেসব এলাকাকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে, সেগুলোর প্রতিটি অংশ যেকোনো উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার কথাও বলেন তিনি।
ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও ইউক্রেনে রাশিয়ার হামলা থেমে নেই।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটিতে ১১৭টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এর মধ্যে ৬৩টি ছিল জেটচালিত ড্রোন। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় দেশজুড়ে ৯ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি হাসপাতালে আগুন ধরে যায়। এতে হাসপাতালটির দ্বিতীয় তলার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা, ইউরোপের নিরাপত্তাকাঠামো নিয়ে রাশিয়ার প্রস্তাব এবং বৃহৎ শক্তিগুলোর সম্ভাব্য সমঝোতা—এই তিন বিষয় ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।