কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওর দোকানও রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পাশেই গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় দ্রুত আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকানগুলোর মালামালসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা হয়েছে। বর্তমানে আগুন নেভানো হয়েছে।x