কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়িকে মারধর করে অচেতন করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক লিমা আক্তার ওই এলাকার আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী। আহত বৃদ্ধার নাম আরজিনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে আরজিনা বেগম ও তাঁর পুত্রবধূর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমা আক্তারের বিরুদ্ধে শাশুড়িকে মারধরের অভিযোগ ওঠে। এতে আরজিনা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে লিমা আক্তারকে আটক করে। একই সঙ্গে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে এবং আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।