গাজীপুরের টঙ্গীতে মাছের প্রজেক্টের আশপাশে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শেখ নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা মাছ বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় শুভ ও সোহান নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আহত শেখ নজরুল ইসলাম (৪৭) টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি মৃত সিরাজুল হক বাচ্চুর ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের মাছের প্রজেক্টের দেখাশোনা করতে যান। সেখানে আশপাশের কয়েকজনকে মাদক সেবন ও বিক্রি করতে দেখেন। এর আগেও ওই এলাকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দিয়েছিলেন তিনি।
নজরুল ইসলামের দাবি, ঘটনার দিন রাতে আবারও মাদক সেবন ও বিক্রিতে বাধা দিতে গেলে শুভ ও সোহান তাঁর ওপর হামলা চালান। এ সময় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা মাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগ করেন তিনি।
তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।