মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ দুপুরে দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবেন তিনি।
সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রতিমন্ত্রী। এর আগে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তাঁর দপ্তর ওই তথ্য অস্বীকার করেছিল।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
সম্প্রতি মাদকবিরোধী অভিযানে হাতে পিস্তল নিয়ে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইশরাক হোসেন ও তাঁর দপ্তর ওই খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। সোমবার সকালে তাঁর ফেসবুক পোস্টের আগে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
নিজের পোস্টে ইশরাক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষকে তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের দেশে ফিরে অংশ নেওয়ার প্রত্যাশাও জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি।
এ ছাড়া ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’