রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযানে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ থেকে ৪১ জন, ওয়ারী থেকে ৫০ জন, মতিঝিল থেকে ৬৮ জন, তেজগাঁও থেকে ৭৬ জন, মিরপুর থেকে ১৫০ জন, গুলশান থেকে ১৮ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে পুলিশ ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩টি ইয়াবা বড়ি, তিন গ্রাম হেরোইন এবং ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এ ছাড়া অভিযানে নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, নগদ ১ হাজার ৫০৫ টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।