দেশের ভেতরে ও বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এসব গোষ্ঠী টার্গেট করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ যেন কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে খোঁজখবর রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তাঁর চাচাতো ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পোখরাজ এলাকায় শিক্ষার প্রসারে হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় দেশের প্রতিটি মন্দিরে ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। মন্দিরের নিরাপত্তায় রাত জেগে পাহারা দেওয়ারও নির্দেশনা দেন তিনি। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাংগঠনিক জবাবদিহি নিশ্চিত করা হবে বলে জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
পরে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন রুহুল কবির রিজভী।
সেখানে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি থেকে সংগঠনকে মুক্ত রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুখ-দুঃখে অংশ নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।