দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবা বড়িসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সেখান থেকে পালিয়ে যান। পরে জাকিরুল ইসলামকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর তাঁর শরীরে তল্লাশি চালিয়ে লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ পাওয়া যায়। ওই পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে তিনি এসব ইয়াবা নিজের কাছে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ জাকিরুল ইসলামকে আটকের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শুক্রবার দুপুরে তাঁকে দিনাজপুরের আদালতে পাঠানোর কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো।