সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।
সম্প্রতি ঢাকার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ফাউন্ডেশনের প্রতিনিধির কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি কৃষি, পরিবেশ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাংকটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। নতুন অ্যাম্বুলেন্সটি দিনাজপুরসহ আশপাশের এলাকার হৃদ্রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ অ্যাম্বুলেন্সটি জরুরি রোগী পরিবহন ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।