বুধবার, অক্টোবর ২১, ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, অভিযোগ সাদিক কায়েমের

>> শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালকে মারধর

>> ভারতের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে তুলনার বিরোধিতা দীপকের

>> মাদক সেবন ও বিক্রিতে বাধা, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

>> সরকারি দপ্তরে প্রায় এক লাখ পদে নিয়োগ আটকে, জটিলতা কাটাতে কী বলছে অর্থ বিভাগ?

>> দলীয় শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়, সতর্ক বিএনপির নেতাকর্মীরা

>> নামজারিতে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষের অভিযোগ, অভিযুক্ত ভূমি কর্মকর্তার অস্বীকার

>> প্রাবোও সরকারের দুই বছর পূর্তি ঘিরে বিক্ষোভ, জাকার্তায় ৯৫০০ পুলিশ মোতায়েন

>> পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত

>> পূজা দেখা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে তুলনার বিরোধিতা দীপকের


Sifat Islam Sohag ২১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫



ভারতের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে তুলনার বিরোধিতা দীপকের


ভারতে তরুণদের চলমান বিক্ষোভকে বাংলাদেশ ও নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর মতে, কারাবন্দি দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার শান্তিপূর্ণ অবস্থান প্রমাণ করে, তাঁরা সহিংসতার পরিবর্তে মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে বলেন, বিদেশের অস্থিরতার সঙ্গে ভারতের শান্তিপূর্ণ প্রতিবাদকে এক করে দেখানোর চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের সহিংস বিক্ষোভের প্রসঙ্গ তুলে ভারতের আন্দোলনকারীদের সমালোচনা করার জবাবে তিনি বলেন, অন্য দেশের পরিস্থিতির সঙ্গে তুলনা না করে ভারতের নিজস্ব বাস্তবতা বিবেচনা করা উচিত।

দীপকের ভাষ্য, যারা ফ্রান্সের পরিস্থিতির উদাহরণ দিয়ে ভারতের আন্দোলনকারীদের সমালোচনা করছেন, তাঁদের নিজেদের দেশের পরিস্থিতির দিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, সৌরভ দাস ও আশুতোষ রানকা শান্তিপূর্ণভাবে কারাগারে গেছেন। অন্য দেশের বিক্ষোভে যেসব ঘটনা ঘটছে, তাঁরা তেমন কোনো কর্মকাণ্ডে জড়াননি।

সিজেপি প্রতিষ্ঠাতার দাবি, বেআইনিভাবে আটক হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও সৌরভ ও আশুতোষ ক্ষোভ কিংবা ঘৃণা প্রকাশ না করে শান্তি ও সহমর্মিতার পথ বেছে নিয়েছেন। উসকানির মুখেও শান্ত থাকা এবং আদালতে সংযত আচরণ তাঁদের গান্ধীবাদী আদর্শের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের প্রতিবাদকে তুলনা করার প্রবণতা নিয়েও সমালোচনা করেন দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার আড়ালে তাঁদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, আন্দোলনকারীদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। বরং সমাজে বিদ্যমান বিদ্বেষের প্রভাব দেশের পরিস্থিতিতে কীভাবে প্রতিফলিত হচ্ছে, তা বিবেচনা করা প্রয়োজন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে দীপকে বলেন, সৌরভ ও আশুতোষের কারাবরণ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে, তাঁরা শান্তিপূর্ণভাবে কারাগারে গিয়ে কষ্ট সহ্য করার মধ্য দিয়ে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করছেন।

দুই নেতাকে কারাগারে রেখে তাঁদের ভয় দেখানো বা মনোবল ভেঙে দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। দীপকের ভাষ্য, সৌরভ ও আশুতোষ শান্তি ও অহিংসার পথেই তাঁদের অবস্থান অব্যাহত রাখবেন।

এদিকে, প্রাথমিকভাবে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ দাস ও আশুতোষ রানকার হেফাজত আরও দুই দিন বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, নথিপত্রে অসংগতির অভিযোগে জামিন গ্রহণ না করায় দিল্লির মন্দির মার্গ থানায় থাকা দুই নেতাকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

মন্দির মার্গ থানায় অবস্থিত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের হেফাজতের মেয়াদ ২১ অক্টোবর পর্যন্ত বাড়ান।

ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিক্ষোভ ঘিরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কংগ্রেসের দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য বলে জানিয়েছে দলটি।

এর আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছিল, ভারতবিরোধী গোষ্ঠীগুলো বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো পরিস্থিতি তৈরি করে ভারতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। তবে কংগ্রেস এ অভিযোগ প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানিয়েছে।