কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন কিশোর হট্টগোল করে থানা থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাদের কয়েকজন থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। অভিভাবকেরা পরে কয়েকজনকে আবার থানায় নিয়ে আসেন।
বুধবার সন্ধ্যার পর দাউদকান্দি মডেল থানার পুলিশ উপজেলার বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার অভিযোগে ২৮ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক কিশোরদের থানাহাজতের একটি পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। একসঙ্গে ২৮ জন থাকায় সেখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। তবে থানার কোনো কক্ষের দরজা বা আসবাব ভাঙচুর করা হয়নি বলে দাবি পুলিশের।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক রেজুয়ানুল হক জানান, রাতে অভিভাবকদের ডেকে এনে তাঁদের জিম্মায় আটক কিশোরদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, থানার একটি কক্ষে থাকা কয়েকজন কিশোর চেয়ার ও দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। পরে তাদের কয়েকজন থানার সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে অভিভাবক ও স্বজনদের শান্ত করার চেষ্টা করে।
অভিভাবকদের কয়েকজন পরে কয়েকজন কিশোরকে ধরে আবার থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, পরে সন্ধ্যার পর বিভিন্ন আড্ডাস্থলে না বসার মুচলেকা নিয়ে আটক সবাইকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিভাবকদের কয়েকজনের দাবি, আটক কিশোরদের অধিকাংশের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। তারা সহপাঠীদের সঙ্গে স্বাভাবিকভাবে আড্ডা দিচ্ছিল। এ কারণে অভিযানের ধরন নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।