শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিদ্ধান্ত বদল নেপাল সরকারের, বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি

>> ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

>> বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

>> ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

>> কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত

>> সেন্ট মার্টিনে কেয়াবন-নারকেলগাছ কেটে চলছে রিসোর্ট নির্মাণ

>> নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩, বিভিন্ন দেশের শত শত নাগরিক নিখোঁজ

>> পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি

>> ইউরোপীয় ইউনিয়নে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল বাধ্যতামূলক

>> রোনালদোর পায়ে জয়সূচক গোল, গড়লেন নতুন রেকর্ড

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৪৭



কুমিল্লায় ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এই যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে যানজট অব্যাহত ছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে তাঁরা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। কিন্তু তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্স আর সামনে এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে আমিরুন্নেছার মৃত্যু হয়।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে যাত্রীরা

চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী একটি বাসের যাত্রীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় তাঁরা যানজটে আটকা পড়েন। এরপর ধীরগতিতে চলতে চলতে শনিবার সকাল আটটার দিকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছান।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী বাসের চালক রিপন মিয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। তাই এখানে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকা প্রয়োজন। তীব্র গরমে যানজটে আটকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

সংস্কারকাজে সৃষ্টি হয়েছে যানজট

মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল আটটা থেকে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে চালক ও যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

তবে দীর্ঘ যানজটে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যুর ঘটনায় মহাসড়কের যানজট ব্যবস্থাপনা ও সংস্কারকাজের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।