মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা অবরোধ ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা রোববার সকালে কাজে ফিরেছেন। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন প্রথম আলোকে জানান, জেলার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়কে নামেননি। পরে শান্তিপূর্ণ অবস্থান শেষে বেলা ১১টার দিকে শ্রমিকেরা সেখান থেকে চলে যান।
পুলিশ সুপার আমজাদ হোসাইন আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।