জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও দীপু মণিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলার পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এদিন সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এর আগে এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে রোববার আদালতে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে আটক করে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নেওয়া হয়। সেখানে তাঁর বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওই অবস্থায় গাড়িটি নিয়ে টহল দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় সড়কে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।