বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দল

>> পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক

>> বাগেরহাটে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, দেয়ালে লেখা ‘জয় বাংলা লকডাউন’

>> ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল বিভিন্ন মালামাল

>> আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে যুবদল নেতাদের হুঁশিয়ারি, পাল্টা আগুন দেওয়ার বক্তব্য

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দল


Sifat Islam Sohag ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৩৫



আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দল


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এবং জনমনে তৈরি হওয়া আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সাবেক ক্ষমতাসীন ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে মানুষের জানমালের ক্ষতি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আতঙ্ক ছড়িয়ে তারা নিজেদের পরিচয় আবারও জনগণের সামনে তুলে ধরছে। এ পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতে ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।

তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করা অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে ১১ দল।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য তৈরি হয়েছিল, তা দেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের অন্যতম ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ব্রিফিংয়ে নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি অগ্নিসংযোগে বাড়িঘর ও যানবাহনের ক্ষয়ক্ষতির শিকার ব্যক্তিদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করে ১১ দল।

মামুনুল হক সরকারের প্রতি কঠোরভাবে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে।

ব্রিফিংয়ে জোটের নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের প্রধান দায়িত্ব। তাঁদের অভিযোগ, সরকারের পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান না হওয়ায় ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। পাশাপাশি সরকারের ভূমিকা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।

নেতারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং দেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সচেতন। বৈঠকে তাঁদের সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি প্রধান বিবেচ্য নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তাঁদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় কাজ করবে ১১ দলীয় জোট।