স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের কারও দেশের বাইরে স্থায়ী ঠিকানা নেই। তাঁরা দেশেই থেকে জনগণের উন্নয়নে কাজ করতে চান।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা পর্যায়ের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, তাঁরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের সব খাল ও মরে যাওয়া নদীগুলো পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।
পরে প্রতিমন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং আশপাশের খাল পরিদর্শন করেন। এসব খাল খননের কাজ খুব শিগগিরই উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এর আগে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।