দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কে অবস্থিত ‘হাসিনা মঞ্জিল’ নামের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের প্রয়াত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মুন্নি বেগম তাঁর ছেলে আবির নবি দোয়াদকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হন বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া এবং হত্যার পর মরদেহ গুম করার হুমকি দেন। এর প্রতিবাদ করলে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। এতে মামলার বাদী মুন্নি বেগম ও তাঁর ছেলে মারধরের শিকার হয়ে আহত হন। পরে তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।