শনিবার, নভেম্বর ২১, ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহক

>> জামায়াতকে ঠেকাতে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল: সাদিক কায়েম

>> ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক বিলুপ্তির দাবি রাশেদ খানের

>> প্রধানমন্ত্রীসহ আমাদের কারও দেশের বাইরে ঠিকানা নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

>> মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

>> হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

>> প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াত আমিরের সাড়া, তবে এক মঞ্চে নয়

>> শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর

>> দরবেশের ছদ্মবেশে মাদক সেবন, যুবকের ৪ মাসের কারাদণ্ড

>> ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর


Sifat Islam Sohag ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৭



শেখ হাসিনাকে ঘিরে আন্দোলন গড়তে চান, দাবি রিজভীর


দেশে এবং প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের সহযোগী ও গণতন্ত্রবিরোধী শক্তি আবার সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এসব শক্তি দেশের বাইরে থেকে সহায়তা পেয়ে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া এই নেতা বিদেশে অবস্থান করে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন বলে তাঁদের অভিযোগ। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপুল অর্থ পাচার করেছেন এবং দেশে থাকা অর্থ ব্যবহার করে কিছু লোককে দিয়ে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। বিএনপির পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের সহযোগী ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশের বিভিন্ন জায়গায় এবং পুলিশ প্রশাসনের ভেতরে সক্রিয় রয়েছে। তাঁর অভিযোগ, গত তিন-চার দিনে বিএনপির তিনজন নেতাকর্মী হত্যার পেছনেও এসব শক্তির ভূমিকা রয়েছে।

বিএনপির এই নেতা দাবি করেন, হত্যাকাণ্ডগুলোর পেছনে দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ‘শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।’

প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তরিকুল ইসলাম সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ এবং যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি আমৃত্যু সক্রিয় ছিলেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং তাঁর ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।