কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের আলোচনা নতুন করে সামনে এসেছে। সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে বিএনপি ও জামায়াতের অবস্থান কাছাকাছি হলেও আপাতত দুই দল এক মঞ্চে কর্মসূচি পালন করছে না। নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।
রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নাশকতা প্রতিরোধে সমন্বিত অবস্থান নিতে চাইলেও কর্মসূচি পালন করবে আলাদাভাবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও তাদের জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ডিসেম্বরকে সামনে রেখে নতুন কর্মসূচি সাজাচ্ছে বিএনপি।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই মিলে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে।
জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তবে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের মতো বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এ কারণে জাতীয় ঐক্যের উদ্যোগ কতটা স্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিরোধী দলগুলোর একাধিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য শুধু সাময়িক উদ্যোগ হলে তা দীর্ঘস্থায়ী হবে না। তাদের মতে, ঐক্যের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে লিখিত অঙ্গীকার প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যেন দলটি আগের অবস্থানে ফিরে না যায়, সে বিষয়েও নিশ্চয়তা চান তারা।
সংশ্লিষ্টদের প্রস্তাব অনুযায়ী, এই ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। এর আওতায় জুলাই সনদ বাস্তবায়নে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে, সেগুলোর সমাধান কীভাবে হবে, তা লিখিতভাবে নির্ধারণের দাবি রয়েছে। পাশাপাশি সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো কতটুকু অন্তর্ভুক্ত করা হবে, সেটিও চূড়ান্ত করার কথা বলছেন তারা।
বিরোধী সূত্রগুলোর অভিযোগ, বিএনপির সঙ্গে অন্য দলগুলোর সম্পর্কের ক্ষেত্রে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের বক্তব্য ও বিরোধী পক্ষের প্রতি আচরণ ঐক্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করছে বলে সংশ্লিষ্ট নেতাদের দাবি। এ বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করতে চান তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পৃথক কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। সেখানে পারস্পরিক সমন্বয় ও দীর্ঘমেয়াদি ঐক্যের বিষয়টি আলোচনায় আসতে পারে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশজুড়ে সন্ত্রাস ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। এসব তৎপরতা প্রতিরোধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। তবে জাতীয় ঐক্যকে জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষ্য, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবং যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সমাধানের মধ্য দিয়েই বাস্তবায়নের পথ তৈরি হবে।
দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও নাশকতা প্রতিরোধে দলগুলোর একমত হওয়া প্রয়োজন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপির সঙ্গে একই মঞ্চে বা যুগপৎ কর্মসূচি পালনের পরিকল্পনা নেই।
দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি এখন সরকারে এবং জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। তাই আগের মতো এক মঞ্চে বা যুগপৎ আন্দোলনের পরিস্থিতি নেই। দুই দলই যখন বিরোধী দলে ছিল, তখন এ ধরনের কর্মসূচি হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবে। জামায়াতও জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধে সক্রিয় থাকবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে তাঁদের নেতাকর্মীরা দেশজুড়ে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, এ ধরনের তৎপরতা মোকাবিলায় এনসিপি মাঠে থাকবে।
তবে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আখতার হোসেন অভিযোগ করেন, সন্ত্রাসীদের প্রতি সরকার তুলনামূলক নমনীয় আচরণ করছে। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতার সুযোগ পাচ্ছে। এ সময় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে আসার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায় এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না।
তিনি বলেন, জাতীয় ঐক্য গড়তে সব রাজনৈতিক দলের একই মঞ্চে আসা জরুরি নয়। বরং নিজ নিজ অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে রাজপথে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বলতার মুখে পড়তে পারে।
তাঁর মতে, জুলাইয়ের ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মামুনুল হক সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি।