মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতের বেলায় শ্রমিক দলের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় শ্রমিক দল নেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব দিক থেকে শ্রমিক দলের কার্যালয়ের দিকে যাচ্ছেন। পরদিন সকালে কার্যালয় খুলতে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা।
বাদশা মিয়া জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তাঁরা কার্যালয়ে অবস্থান করেছিলেন। এরপর সবাই বাড়িতে চলে যান। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। সকালে এসে তাঁরা কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশের পর অগ্নিসংযোগের বিষয়টি নজরে আসে।
বাদশা মিয়ার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজদীখান উপজেলা শ্রমিক দল সক্রিয় থাকায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে তিনি দাবি করেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।