খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডলে আবারও কালি লাগানোর ঘটনা ঘটেছে। এর আগে একই প্রতিকৃতি বিকৃত করার পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিন না যেতেই ফের এমন ঘটনা ঘটল।
রোববার (২২ নভেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের পাশের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা রয়েছে। পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিও রয়েছে। এসব প্রতিকৃতির মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে জানান, শনিবার রাতে ঘটনাটি ঘটে থাকতে পারে। রোববার দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজস্বভাবে বিষয়টি তদন্ত করেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম লেখা ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ জানান।
পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রতিকৃতি বিকৃত করা এবং বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর নিন্দা জানান। পরে তাঁর উদ্যোগে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি নতুন করে আঁকেন।
সেদিন নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, একটি ছবি মুছে দিয়ে কোনো মানুষকে অস্বীকার করা যায় না। দেয়ালচিত্রগুলো সুরক্ষিত রাখতে পুলিশি টহল বাড়ানোর কথাও জানান তিনি।
গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়েছিল।
এদিকে, এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করেছিল পুলিশ।