বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে তাঁরা অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকেরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। একপর্যায়ে তাঁরা আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন।
এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন।
পরে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাঁদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।