জাতীয় স্বার্থ ও জনকল্যাণে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে, তবে ভুল সিদ্ধান্তের প্রতিবাদও করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে সমর্থন দেওয়া হবে। আর সরকারের কোনো ভুল হলে তার প্রতিবাদ করা হবে। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রবাসীদের অবদানের বিষয়ে জামায়াত আমির বলেন, দেশের উন্নয়নে শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকেও কাজে লাগাতে হবে। বিদেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের মনোবল অটুট রয়েছে। দেশের প্রয়োজনে তারা আবারও দায়িত্ব পালনে প্রস্তুত।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায়কে উপেক্ষা করে রাজনীতি চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তি জামায়াতের শত্রু নয়। বরং কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মের বিরোধিতা করা হবে। জামায়াত একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল, অধ্যাপক ড. আবু ইউসুফ, রাজনৈতিক বিশ্লেষক শিবলী সোহাইল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবালসহ জামায়াত আমিরের সফরসঙ্গী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।