প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা সফরকে সামনে রেখে গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী বা খাল খননের পর উত্তোলিত মাটি যেন আবার পানিপ্রবাহে বাধা সৃষ্টি না করে, সে জন্য ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা অনুসরণ করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খনন করা মাটি অপসারণ করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নদীতে সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ রবি শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে কৃষক ও স্থানীয় মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ হাজার ৯৪ দশমিক ৩৫ কোটি টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ নেওয়া হয়েছে। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। এর আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ এবং সেচ ও নিষ্কাশন সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পের অংশ হিসেবে ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনকালে সংরক্ষিত নারী আসনের সদস্য মমতাজ আলো, পানিসম্পদ সচিব, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।