সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় (ওডিএনআই)। এ ঘটনায় সংস্থা দুটির কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে বেহাত হওয়া তথ্যগুলো গোপনীয় বা শ্রেণিবদ্ধ ছিল না বলে জানা গেছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্য বিশ্লেষণে ব্যবহৃত একটি নেটওয়ার্কে সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নেটওয়ার্কটি মূলত উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণে সহায়তা করে। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে নিউইয়র্ক টাইমস প্রথম এ নিরাপত্তা লঙ্ঘনের খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার তথ্যও ফাঁস হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ওডিএনআই জানিয়েছে, ঘটনার কারণে তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা কিংবা শ্রেণিবদ্ধ তথ্য সংরক্ষণকারী ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থায় একের পর এক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামনে আসছে। এর আগে দেশটির কৃষি বিভাগে সাইবার হামলার খবর প্রকাশিত হয়। এ ছাড়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দুটি পৃথক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
পেন্টাগন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তাসংক্রান্ত ঘটনার মুখে পড়েছে। ধারাবাহিক এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।