ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটির পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো অবস্থায় নেই।
তিনি অভিযোগ করেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতি সমর্থন দেওয়ার বিষয়টি একই পররাষ্ট্রনীতির প্রতিফলন।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাঁর দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে প্রত্যাবর্তনের জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, সরকার রাজনৈতিক সম্প্রীতি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাঁর দাবি, বর্তমানে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রীর অভিযোগ, এসব কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি সরাতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নেই—ভারতের গণমাধ্যমের একটি অংশ এমন চিত্র তুলে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সাম্প্রতিক দুর্গাপূজাও বড় পরিসরে উদ্যাপিত হয়েছে। তবে রাজনৈতিক সংঘাতের ঘটনায় সংখ্যালঘু কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তথ্যমন্ত্রীর মতে, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশের বিষয়গুলো দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের গণমাধ্যমের একাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, দেশটির কিছু গণমাধ্যম অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এসব সংবাদ প্রচার করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষ অবগত বলেও মন্তব্য করেন তিনি।