গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। এ সময় তাঁদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে শ্রমিকদের একটি মিছিল ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে জড়ো হয়। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এদিকে নতুন করে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন সচল রাখতে পুলিশ কাজ করছে। শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মহাসড়কে অবরোধের চেষ্টায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে।