তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা অবস্থান নেন।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
অন্যদিকে, একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সেখানে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে।
এর আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক ও ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ১৭ হাজার টাকাকে চূড়ান্ত করা হয়।