ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। একাধিক স্থানে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, মঙ্গলবার বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। সদর উপজেলার পাশাপাশি মহানগরীর কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছিলেন।
শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকেই গাজীপুরের সড়ক যোগাযোগে অচলাবস্থা দেখা দেয়।