দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুবসমাজ দলটিকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিবেচনা করেই সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য আলোচনার মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে দেশে অস্থিরতা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির।