জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার থেকে পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তবে আগুনের প্রকৃত সূত্রপাত বা সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে না পারায় বিষয়টি আরও তদন্তের সুপারিশ করেছে কমিটি।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত শেষে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেন। প্রায় ১৫ থেকে ২০ পৃষ্ঠার প্রতিবেদন সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের বরাতে জানা গেছে, সম্ভাব্য কারণগুলোর মধ্যে ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি রয়েছে। এ ছাড়া পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে চার থেকে পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে সেগুলো আরও যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের দাবি, পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে প্রথমে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। মঙ্গলবার ছিল বর্ধিত সময়ের শেষ দিন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।