গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য ঠিক থাকার পরও ফিটনেস নবায়নে আপত্তি জানানোর অভিযোগ উঠেছে সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক পরিদর্শন কর্মকর্তার বিরুদ্ধে। পরে এক দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার অনুসন্ধানে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্র জানায়, গত ১৭ নভেম্বর সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য ৭১টি আবেদন জমা পড়ে। আবেদনগুলোর বিপরীতে সব গাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি গাড়ির ফিটনেস নবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, ওই গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিক থাকলেও পরিদর্শনকারী কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল হিসেবে উল্লেখ করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরে এক ব্যক্তি এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। তাকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে।
দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ জানান, বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ নিয়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সেগুলো হাতে পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেওয়া হবে।