তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামোয় পদ ও গ্রেডভেদে বেতন বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। ২০২৩ সালে নির্ধারিত মজুরির তুলনায় এই বৃদ্ধি ৪ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা। তবে গত দুই বছরে দুই দফায় ৯ শতাংশ করে বার্ষিক মজুরি বৃদ্ধির কারণে শ্রমিকদের বর্তমান বেতনের তুলনায় প্রকৃত বৃদ্ধির হার ভিন্ন হবে।
গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরিকাঠামোর প্রস্তাব গৃহীত হয়। সভায় প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হলেও সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতবিরোধ দেখা দেয়। পরে ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব পাস হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া আগের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
তবে চারটি গ্রেডের মোট মজুরি নির্ধারণ হলেও মূল বেতন, বাড়িভাড়া, যাতায়াত, খাদ্য ও চিকিৎসা ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয় নির্ধারণে বৃহস্পতিবার মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বোর্ডের সদস্যদের মধ্যে সমঝোতা হলে খসড়া মজুরি প্রস্তাবের ওপর মতামত নেওয়া হবে। এরপর চূড়ান্ত খসড়া শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে প্রজ্ঞাপন প্রকাশের সময় যাই হোক, ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরিকাঠামো কার্যকর করার কথা জানিয়েছে মজুরি বোর্ড।
মঙ্গলবার রাতে সিদ্ধান্তের পর বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের জানান, বোর্ড গঠনের মাত্র ২৫ দিনের মধ্যে মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সর্বশেষ মালিকপক্ষের ১৬ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাবের মধ্যে ভোটাভুটি হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষ প্রথমে ১৬ হাজার টাকা এবং পরে ১৭ হাজার টাকার প্রস্তাব দেয়। রাত একটার পর ছয় সদস্যের ভোটাভুটিতে দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে এবং বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, প্রথম তিনটি গ্রেডের বিষয়ে সমঝোতা হলেও সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের ১৮ হাজার টাকার প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়নি। ১৭ হাজার টাকার সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট নন। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব কারখানায় দ্রুত নতুন মজুরি কার্যকরের আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ করেন।
নতুন মজুরি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণকে স্বাগত জানিয়েছে। তবে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত শ্রমিকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
কোন গ্রেডে কত মজুরি বাড়ছে
মজুরি বোর্ডের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হচ্ছে। এতে বৃদ্ধি পাচ্ছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।
দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে বৃদ্ধি ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ।
তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হচ্ছে। এতে বৃদ্ধি পাচ্ছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ।
চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হচ্ছে। এই গ্রেডে বৃদ্ধি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ১৪ শতাংশ চতুর্থ গ্রেডে, ২৬ শতাংশ তৃতীয় গ্রেডে, ৩২ শতাংশ দ্বিতীয় গ্রেডে এবং ২৮ শতাংশ প্রথম গ্রেডে কাজ করেন। অর্থাৎ সবচেয়ে বেশি শ্রমিক রয়েছেন দ্বিতীয় গ্রেডে, যেখানে মজুরি বাড়ছে ৫ হাজার ৭২৭ টাকা।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, কোনো শ্রমিকের বর্তমান মজুরি নতুন কাঠামোর নির্ধারিত গ্রেডের কাছাকাছি হলে তাঁর বেতন প্রায় ২ হাজার টাকা বাড়তে পারে। এ ছাড়া সোয়েটার কারখানার শ্রমিকদের দৈনিক মজুরিও আগের তুলনায় বাড়বে।
নতুন মজুরিকাঠামোর প্রভাব পড়বে কারখানার উৎপাদন ব্যয়েও। ধামরাইয়ের পরিবেশবান্ধব কিউট ড্রেস ইন্ডাস্ট্রিতে প্রায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। বর্তমানে কারখানাটিতে মাসে মজুরি বাবদ ব্যয় হয় দেড় কোটি টাকা। নতুন কাঠামো কার্যকর হলে এ খাতে ব্যয় আরও প্রায় ৪০ লাখ টাকা বাড়বে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ জানান, মজুরি বাড়লে ক্রেতারা পোশাকের দাম না বাড়ালে তাঁদের মুনাফা কমে যাবে। বিষয়টি নিয়ে ক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ ক্রেতা দাম বাড়াতে খুব একটা আগ্রহী নন। যদিও কয়েকজন ক্রেতা দাম বাড়াতে সম্মত হয়েছেন।
নব্বইয়ের দশকের শুরুতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। এরপর প্রায় তিন দশকে সর্বনিম্ন মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬ শতাংশ।
সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের প্রত্যাশা ছিল সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণ করা হবে। সে বিবেচনায় তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। তবে আগের সময়ের তুলনায় এবার মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দর-কষাকষি ভালো হয়েছে এবং সর্বনিম্ন গ্রেডের তুলনায় ওপরের গ্রেডগুলোতে মজুরি বৃদ্ধির পরিমাণ বেশি।