বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

>> কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা

>> পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন

>> প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : অর্থনীতি

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৩:০৭



আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন দেশের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা। নির্বাচন ঘিরে বাগানগুলোতে উৎসবের আমেজ থাকলেও শ্রমিকদের মনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের প্রত্যাশা।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২২টি চা বাগানসহ দেশের বিভিন্ন বাগানে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। মজুরি বৃদ্ধি, উন্নত বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। অন্যদিকে, শ্রমিকরা নতুন নেতৃত্বের কাছে এসব সমস্যার বাস্তব সমাধান চান।

ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। বিভিন্ন জটিলতা, মামলা ও সাংগঠনিক সংকটের কারণে ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। ফলে আট বছর ধরে নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারেননি শ্রমিকরা।

এবার দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একই দিনে ভোটগ্রহণ হবে। ভোটের মাধ্যমে প্রতিটি বাগানের ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি, ভ্যালি কমিটি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচন করবেন শ্রমিকরা।

নির্বাচন ঘিরে আগ্রহ থাকলেও শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।

চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার জানান, বাগান মালিকপক্ষ ও কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের চুক্তিতে প্রতিটি সেকশনে শৌচাগার ও স্যানিটেশন ব্যবস্থা এবং বৃষ্টির সময় শ্রমিকদের জন্য টিনশেড আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা রয়েছে। কিন্তু অনেক বাগানে এসব সুবিধা এখনো বাস্তবায়িত হয়নি। নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টিও উপেক্ষিত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। নতুন নেতৃত্ব এসব দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তাঁর।

শিক্ষার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন শ্রমিকরা। অনেক চা বাগানে প্রাথমিক বিদ্যালয় নেই। যেসব বাগানে বিদ্যালয় রয়েছে, সেগুলোর অবকাঠামো ও শিক্ষার মান নিয়েও রয়েছে অভিযোগ। এতে শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

চান্দপুর চা বাগানের শ্রমিক প্রিয়াংকা উড়াং বলেন, দৈনিক ১৯৬ টাকা মজুরিতে সংসার চালানোই কঠিন। সন্তানদের উচ্চশিক্ষার খরচ বহন করা আরও বড় চ্যালেঞ্জ। অনেক পরিবার গবাদিপশু পালন, হাঁস-মুরগি লালন-পালন এবং সামান্য জমিতে চাষাবাদ করে সন্তানদের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করে।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা শ্রমিকদের সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে মজুরি বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণ, বাসস্থান সংস্কারসহ জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে শ্রমিকদের প্রত্যাশা, ভোটের পর এসব প্রতিশ্রুতি যেন ভুলে যাওয়া না হয়।

চুনারুঘাট উপজেলায় ২২টি চা বাগনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সীমান্তবর্তী কয়েকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগে সহযোগিতার কথা জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। চণ্ডী চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ভোটার তালিকা প্রস্তুত, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

দীর্ঘ বিরতির পর এই নির্বাচন চা শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে তাঁদের কাছে এটি কেবল নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; বরং দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের দাবিকে সামনে আনার একটি সুযোগ। এখন নতুন নেতৃত্ব শ্রমিকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই দেখার বিষয়।