বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন

>> প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

>> মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ একজন

>> ‘দুই লাখ টাকা নিয়েছেন, হাত ধরার চেষ্টা করেছেন ওসি’—সংবাদ সম্মেলনে যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

>> ‘দুই লাখ টাকা নিয়েছেন, হাত ধরার চেষ্টা করেছেন ওসি’—সংবাদ সম্মেলনে যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

>> জিগাতলায় ছাত্রলীগ নেতাকে আটক করে ডিবির হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

>> নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন, তদন্তে পুলিশ

>> গোপালগঞ্জে থমকে উন্নয়ন কার্যক্রম, অনিশ্চয়তায় প্রায় ৫০০ কোটি টাকার বরাদ্দ

>> ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৮



গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন


নতুন মজুরি কাঠামো ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নাওজোড় এলাকায় একপর্যায়ে শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।

শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিক অসন্তোষের কারণে জেলার অন্তত ৩০টি কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩২টি কারখানাও এখনো চালু হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে একদল শ্রমিক ভোগড়া বাইপাস এলাকায় মিছিল নিয়ে অবস্থান করেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পরে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবস্থান নিলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে।

এরপর বেলা ১১টার দিকে নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তাঁরা উড়ালসড়কের নিচে ও মহাসড়কের পাশে আবর্জনা ফেলে আগুন জ্বালান। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে মহানগর ও শিল্প পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করা হয়। এ সময় শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ মহানগরীর কয়েকটি এলাকার কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানায়ও তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

অন্যদিকে, শ্রীপুরের নয়নপুর এলাকায় শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়নপুরে ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকেরা মিছিল করে সড়কে অবস্থান নেন। এর আগে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

শ্রমিক নাজমুল ইসলাম জানান, কারখানা ছুটি ঘোষণার পর বাড়ি ফেরার পথে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এর প্রতিবাদে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে নয়নপুর এলাকায় মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।