শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর প্রায় নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে বিকেল থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনের অধিকাংশ সময়ে ট্রেন ১০ থেকে ১২ মিনিট অন্তর চলাচল করবে। রাতে যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, ২৩ অক্টোবর শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির সময়ে যাত্রীদের চাপ সামলাতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনগুলো চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।