জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।
রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই নোটিশে সাজ্জাদ হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন সাজ্জাদ। সেখানে তিনি ছাত্ররাজনীতির শুরু থেকে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা উল্লেখ করে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।
শোকজ নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
সাজ্জাদ হোসেন বলেন, তিনি সংগঠনের প্রতি অনুগত এবং শোকজের জবাব যথাযথভাবে দেবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ফেসবুক পোস্টের কারণে নাকি অন্য কোনো কারণে শোকজ করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সাজ্জাদকে শোকজ করা হয়েছে বলে তিনি জানেন।
এদিকে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে। ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা হয়েছে। পেট্রলের দাম ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।