বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> অব্যবস্থাপনার কারণে সরকারকে অনেকে ‘লন্ডনিগো সরকার’ বলছে: মঞ্জু

>> শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ১০

>> গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে যেভাবে প্রাণ হারান তৌফিক

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে তিন পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ

>> নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ফের উত্তেজনা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; গ্রেপ্তার ৫

>> ফতুল্লায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাসে অসুস্থ তরুণী

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

আপনি পড়ছেন : অর্থনীতি

আজ কিছুটা বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০২ ডলার


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪১



আজ কিছুটা বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০২ ডলার

টানা চার দিন দরপতনের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়ে গেলেও পরে তা কমে ১০১ ডলার ৮০ সেন্টে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে।

বাজারে তেলের দামের ওঠানামার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে—এমন সম্ভাবনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ কিছুটা বাড়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগও কমেছে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারীরা তাঁদের অবস্থান কিছুটা পরিবর্তন করায় তেলের দাম আবার বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক আলোচনার গতিপথ স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের বাজারে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো রয়েছে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের রিয়াদ ও ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। হুতিদের তৎপরতা নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব চীনের সহযোগিতা চেয়েছে। পরে চীন তেহরানকে হুতিদের হামলা বন্ধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার পর ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরামকো হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে। ট্যাংকার চলাচলের তথ্য অনুযায়ী, রোববার সাতটি বড় তেলবাহী জাহাজে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হয়েছে।

অন্যদিকে লিবিয়ার শরারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরের দিকে যাওয়া একটি পাইপলাইনের ভাল্‌ভ বন্ধ করে দিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। এতে ওই তেলক্ষেত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৫ হাজার ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার হলে প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৪ সেন্ট। ডলারের দাম ১২৩ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৭৯ টাকা। তবে এটি শুধু অপরিশোধিত তেলের বাজারমূল্য। এর সঙ্গে পরিবহন, বিমা, বন্দর, পরিশোধন, সংরক্ষণ, বিতরণ ব্যয় এবং শুল্ক-কর যুক্ত হয়।

বাংলাদেশের তেল পরিশোধনের সক্ষমতা সীমিত হওয়ায় দেশের চাহিদার বড় অংশের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দাম ছাড়াও আমদানি ও অন্যান্য খরচ দেশের জ্বালানি তেলের মূল্যে প্রভাব ফেলে।