বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

>> কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা

>> পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন

>> প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৩:০৪



শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী


আদালতের দেওয়া ‘রং হেডেড’ উপাধির প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, একজন গণহত্যাকারীকে বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরতে হবে, নিজের ইচ্ছামতো নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বেতন-ভাতা, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মী উপকৃত হবেন।

নারী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত অগ্রগতিতে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের অবহেলা করার কোনো মানসিকতা সরকারের নেই। বরং প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে লিঙ্গ নয়, যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত। শিক্ষাক্ষেত্রেও মেয়েরা ভালো ফল করছে উল্লেখ করে তিনি নারী সাংবাদিকদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে একটি কার্যালয় ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে নারী সাংবাদিকদের জন্য নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃথক শৌচাগারের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে যথাযথ আবেদন করার পরামর্শ দেন তিনি।

নারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা এক থেকে দুই মাসের স্বল্পমেয়াদি কোর্স চালুর বিষয়টিও বিবেচনা করার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও নারী সাংবাদিকদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নতুন ওয়েজবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের ন্যায্য বেতন, আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব জানান তিনি। প্রচলিত নিয়ম মেনে আবেদন করা হলে তালিকাভুক্তি এবং সরকারি বিজ্ঞাপন পাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সভায় ফোরামের নেতারা নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো ও প্রকাশনার তালিকাভুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।