বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

>> কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা

>> পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন

>> প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৩:০১



কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা


কুষ্টিয়ায় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে ওই ওয়ার্ডের জামায়াত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।

আহত পাঁচজন হলেন নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তাঁরা সবাই স্থানীয় জামায়াতের নেতা-কর্মী। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ফটক, খাবার টেবিল এবং ব্যক্তিগত কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় দেখা যায়। বাড়ির ভেতরেও ইটপাটকেল পড়ে থাকতে দেখা গেছে।

শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীনের দাবি, এশার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ৩০০ থেকে ৪০০ জনের একটি দল এসে হামলা চালায়। তারা ভাঙচুরের পাশাপাশি গুলি ছোড়ে। আতঙ্কে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ও ছাদে আশ্রয় নেন।

শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক হামলার জন্য স্থানীয় বিএনপির লোকজনকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, হামলাকারীরা ব্যক্তিগত কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মারধর করে। এতে পাঁচজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গড়াই নদ থেকে বালু উত্তোলন ও ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জামায়াতের নেতা-কর্মীরা হামলার জন্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। অন্যদিকে বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে শাজাহান আলী চাঁদা দাবি করছিলেন। দাবি অনুযায়ী টাকা না পাওয়ায় তিনি বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেন।

জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন। কয়েক দিন আগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওই এলাকায় গিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন। এতে বিএনপির লোকজন ক্ষুব্ধ হন বলে তাঁদের অভিযোগ।

তবে হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই; অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর দাবি, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন এবং বর্তমানে ৫০ হাজার টাকা দাবি করছেন। টাকা না পেয়ে তিনি ট্রাক চলাচল বন্ধ করেছেন বলে তাঁদের অভিযোগ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।