রোববার সন্ধ্যায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা হয়েছে। তাঁর দাবি, কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন।
নাহিদ আরও দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো রাজনৈতিক নেতার ওপর বারবার হামলা, হেনস্তা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এনসিপি বলেছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এর জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়। পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে দলটি।
কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
দলটি আরও বলেছে, রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।