বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেল ও ডাববোঝাই নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের সোহেব (১৬)।
দুর্ঘটনার বিবরণ দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে সেটি ডাববোঝাই একটি নছিমনকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ডাববোঝাই নছিমনটি উল্টে মোটরসাইকেল আরোহীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো. সিফাত খান জানান, শনিবার সন্ধ্যার পর দুর্ঘটনায় আহত ও নিহত মোট নয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।